রাজনীতি

বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: জুবাইদা রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ পিএম

বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: জুবাইদা রহমান
ছবি: সংগৃহীত

ভেদাভেদ নয়, বরং সমতা ও সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, বিএনপি পরিকল্পিত রাজনীতিতে বিশ্বাস করে এবং জনগণকে অগ্রাধিকার দিয়েই রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে দলটি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, “নগরবাসীর নানা সমস্যা থাকলেও সঠিক ও বাস্তবভিত্তিক পরিকল্পনার মাধ্যমে সেগুলোর সমাধান সম্ভব। বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। আমরা বিশ্বাস করি—আমার আগে আমরা, আমাদের আগে দেশ; ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।”

তিনি আরও বলেন, বিএনপি শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা, মেধার যথাযথ মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি ব্যবস্থা এবং ন্যায়ভিত্তিক অধিকার নিশ্চিত করতে চায়। শোষণের পরিবর্তে অধিকার নিশ্চিত করার নীতিতেই দলটি বিশ্বাসী বলে উল্লেখ করেন তিনি।

রাষ্ট্র ও সমাজ পরিচালনায় জনগণকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে নেতার আগে থাকবে জনতা। “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাদের সমস্যাগুলো আরও ভালোভাবে জানা ও বোঝা সম্ভব হচ্ছে। বিএনপি জনগণের কথা শুনে, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে একটি সমতাভিত্তিক, জ্ঞাননির্ভর ও শ্রমের মর্যাদাসম্পন্ন রাষ্ট্র গড়তে কাজ করছে বলেও জানান তিনি।