রাজনীতি
শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য বিজয়ের পর রাজনৈতিক সৌজন্য বিনিময়ের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার তাদের বাসভবনে যাওয়ার কথা রয়েছে তার।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপি সূত্রে জানা গেছে, সাক্ষাৎ আয়োজনের লক্ষ্যে দলের পক্ষ থেকে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে।
সদ্য ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে জয় পেয়েছে ২০৯টিতে। জোটের শরিক দলগুলো পেয়েছে আরও ৩টি আসন। ফলে নতুন সংসদে বিএনপি জোটের মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২। এছাড়া আরও দুটি আসনে জয়ের সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এবারের নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে তারেক রহমান ঢাকা ও বগুড়া—দুটি আসন থেকেই জয়ী হয়েছেন তিনি।
বিএনপির এই বিজয়ে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এক বার্তায় তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।