সারাদেশ

এক বছরের সাজা এড়াতে ২২ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার বাহার উদ্দিন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম

এক বছরের সাজা এড়াতে ২২ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার বাহার উদ্দিন
গ্রেপ্তার বাহার উদ্দিন। ছবি: সংগৃহীত

মামলায় এক বছরের কারাদণ্ড থেকে রেহাই পেতে টানা ২২ বছর আত্মগোপনে ছিলেন বাহার উদ্দিন মজুমদার (৬৫)। দীর্ঘদিন ধরে পরিচয় গোপন করে বিভিন্ন এলাকায় লুকিয়ে থাকলেও শেষ পর্যন্ত আইনের হাত থেকে আর বাঁচতে পারেননি তিনি।

সোমবার (১ ডিসেম্বর) রাতে ফেনীর ছাগলনাইয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার বাহার উদ্দিন মজুমদার আমজাদহাট ইউনিয়নের মনিপুর গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল মুনাফ মজুমদারের ছেলে।

পুলিশ জানায়, ১৯৮৪ সালের ২৬ অক্টোবর প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ফুলগাজী থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে ২০০৩ সালে ফেনী আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পরই তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান এবং ছদ্মবেশে বিভিন্ন স্থানে বসবাস করেন।

সোমবার রাতে ফুলগাজী থানার এসআই মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ছাগলনাইয়া থেকে তাকে আটক করা হয়। পরদিন মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ফুলগাজী থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, “মাত্র এক বছরের সাজা থেকে বাঁচতে গিয়ে আসামি বাহার উদ্দিন ২২ বছর ধরে লুকিয়ে ছিলেন। শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।”