সারাদেশ
চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত
বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সব জেলার আজ বুধবারের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে মঙ্গলবার রাতে পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রথমে চট্টগ্রাম ও রাঙামাটি এবং পরে কক্সবাজার জেলার বুধবারের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তবে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় শেষ পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
এদিকে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরে ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।