সারাদেশ

নওগাঁয় জামায়াত নেতার বিএনপিতে যোগদান


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১১ পিএম

নওগাঁয় জামায়াত নেতার বিএনপিতে যোগদান
ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর সাপাহার উপজেলায় জামায়াতে ইসলামীর নেতা লোকমান আলী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। তিনি উপজেলার পাতাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সদস্য ছিলেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে পাতাড়ি ইউনিয়নে আয়োজিত ধানের শীষের এক নির্বাচনী পথসভায় নওগাঁ-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান তাঁকে ফুলেল মালা পরিয়ে দলে বরণ করে নেন। লোকমান আলী পাতাড়ি গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে।

এ সময় মোস্তাফিজুর রহমান বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে দেশপ্রেমিক জনতা আজ ঐক্যবদ্ধ হচ্ছে। লোকমান আলীর এই যোগদান বিএনপির হাতকে আরও শক্তিশালী করবে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল জামিল চৌধুরী লাকি, সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী ও শফিকুল ইসলাম।

বিএনপিতে যোগ দেওয়া লোকমান আলী বলেন, “আমি দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং তারেক জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি।”