সারাদেশ

বিএনপি প্রার্থীর পক্ষে প্রকাশ্যে আ. লীগ নেতারা: গ্রেপ্তার দাবিতে শিবচর থানায় বিক্ষোভ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ এএম

বিএনপি প্রার্থীর পক্ষে প্রকাশ্যে আ. লীগ নেতারা: গ্রেপ্তার দাবিতে শিবচর থানায় বিক্ষোভ
ছবি: সংগৃহীত

মাদারীপুর–১ (শিবচর) আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের নির্বাচনী প্রচারে দীর্ঘদিন পলাতক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের প্রকাশ্যে উপস্থিতি ঘিরে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ওইসব নেতাকর্মীকে দ্রুত গ্রেপ্তারের দাবি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শিবচর থানায় ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার সন্ধ্যার দিকে ‘শিবচরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া ব্যক্তিরা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর নিষিদ্ধ সংগঠনের নেতা–কর্মীরা আবার প্রকাশ্যে এসে আসন্ন নির্বাচনকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খানবাড়ি এলাকায় বিএনপি প্রার্থী নাদিরা আক্তারের একটি উঠান বৈঠকে অংশ নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত ২০ জন নেতা–কর্মী। তাঁরা প্রকাশ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রার্থীকে বিজয়ী করার অঙ্গীকার করেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

পুলিশ ও বিক্ষোভকারীদের সূত্র জানায়, এই ঘটনার প্রতিবাদে শিবচরের ‘জুলাই যোদ্ধারা’ প্রথমে উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিবচর থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে অর্ধশতাধিক মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে বিক্ষোভ করেন।

পরে বিক্ষোভকারীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের কাছে স্মারকলিপি দেন। এতে প্রকাশ্যে আসা আওয়ামী লীগ নেতা–কর্মীদের দ্রুত গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

আন্দোলনকারীদের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে শাহাদাত হোসেন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছি এবং ওসির কাছে স্মারকলিপি দিয়েছি। ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যদি প্রকাশ্যে আসা আওয়ামী দোসরদের গ্রেপ্তার করা না হয়, তাহলে পাঁচ হাজার মানুষ নিয়ে আমরা আবার থানা ঘেরাও করব। ১৭ বছর ধরে যাঁরা স্বৈরাচারী শাসনের সঙ্গে জড়িত ছিলেন, তাঁরা কীভাবে আবার প্রকাশ্যে রাজনীতি করেন-শিবচরের জনগণ এটা কোনোভাবেই মেনে নেবে না।’

এ বিষয়ে জানতে চাইলে শিবচর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘বিক্ষোভকারীরা নিজেদের জুলাই আন্দোলনের যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যেসব নেতা–কর্মী বিভিন্ন প্রার্থীর পক্ষে সক্রিয় হয়েছেন, তাঁদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আমরা তাঁদের স্মারকলিপি গ্রহণ করেছি। যাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা রয়েছে, তাঁদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’