সারাদেশ

ভোটের দিন দেশের বিভিন্ন স্থানে ৬ জনের মৃত্যু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৭ পিএম

ভোটের দিন দেশের বিভিন্ন স্থানে ৬ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্ধারিত সময়েই শেষ হয়েছে। তবে ভোটগ্রহণ চলাকালে দেশের বিভিন্ন স্থানে মোট ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় এসব ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে পাঁচজন অসুস্থতাজনিত কারণে মারা গেছেন বলে জানা গেছে। খুলনায় এক বিএনপি নেতার মৃত্যু ঘিরে ধাক্কাধাক্কির অভিযোগ উঠেছে, যদিও এ বিষয়ে ভিন্ন বক্তব্য রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলোর।

ঢাকায় ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী দনিয়া অগ্রদূত বিদ্যানিকেতন হাই স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে মারা যান আবু সাঈদ সরকার (৫৩)। সকাল সাড়ে ৮টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ১০টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ছেলে জানান, হৃদ্‌যন্ত্রের সমস্যায় ভুগলেও ভোট দিতে যাওয়ার আগ্রহ ছিল তার বাবার।

চট্টগ্রামে হৃদরোগে প্রাণহানি

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৭টা ৩৫ মিনিটে ভোট দিতে গিয়ে পড়ে যান মো. মনু মিয়া (৬২)। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবার জানিয়েছে, হৃদরোগে তার মৃত্যু হয়েছে।

খুলনায় উত্তেজনার মধ্যে বিএনপি নেতার মৃত্যু

খুলনা সদরের আলিয়া মাদ্রাসা কেন্দ্রের বাইরে সকাল ৮টা ১০ মিনিটে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনার একপর্যায়ে বিএনপি নেতা মহিবুজ্জামান কচির মৃত্যু হয়। বিএনপির দাবি, ধাক্কা দেওয়ায় গাছের সঙ্গে আঘাত লেগে তিনি মারা যান। তবে পুলিশ ও জামায়াত নেতাদের ভাষ্য, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং হাতাহাতির ঘটনা ঘটেনি।

মানিকগঞ্জে লাইনে দাঁড়িয়ে স্ট্রোক

মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে লাইনে দাঁড়ানো অবস্থায় অসুস্থ হয়ে পড়েন বাবু মিয়া (৭০)। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, স্ট্রোক করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

সরাইল উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন পোলিং অফিসার মো. মুজাহিদুল ইসলাম (৪৮)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটি স্ট্রোকজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।

গাইবান্ধায় ভোট দিয়ে ফেরার পথে মৃত্যু

সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট দিয়ে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন বাশেদ আলী নামে এক বৃদ্ধ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, এটি স্বাভাবিক মৃত্যু বলে জানা গেছে।

দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও এসব মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।