সারাদেশ

বগুড়ার সংসদ সদস্যের হোয়াটসঅ্যাপ নম্বর ক্লোন, বিকাশে টাকা দাবি প্রতারক চক্রের


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮ এএম

বগুড়ার সংসদ সদস্যের হোয়াটসঅ্যাপ নম্বর ক্লোন, বিকাশে টাকা দাবি প্রতারক চক্রের
সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। ছবি: সংগৃহীত

বগুড়া-৩ (আদমদীঘি–দুপচাঁচিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার-এর হোয়াটসঅ্যাপ নম্বর ক্লোন করে প্রতারণার অভিযোগ উঠেছে। ক্লোন করা নম্বর ব্যবহার করে একটি প্রতারক চক্র বিকাশের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করেছে বলে জানা গেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিষয়টি জানার পরপরই সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতামূলক একটি পোস্ট দেন। তিনি জানান, বিকেল ৫টা থেকে তার পরিচিত অন্তত ১০০ জনের কাছে খুদে বার্তা পাঠিয়ে ২০ থেকে ৩০ হাজার টাকা করে দাবি করা হয়েছে। টাকা পাঠানোর জন্য বার্তায় বিভিন্ন মোবাইল নম্বরও দেওয়া হয়।

সংসদ সদস্য বলেন, “আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্লোন করে প্রতারক চক্র এই কাজটি করেছে। অনেকেই বিষয়টি সন্দেহজনক মনে করে আমাকে সরাসরি জানালে প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়।” তিনি আরও জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়েছে এবং এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, আব্দুল মহিত তালুকদার জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহসভাপতি এবং আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন।

এ ঘটনায় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, হোয়াটসঅ্যাপ বা সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কারও নামে টাকা চাওয়া হলে যাচাই ছাড়া কোনোভাবেই বিকাশ বা অন্য কোনো মাধ্যমে অর্থ পাঠানো উচিত নয়।