সারাদেশ
চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি–জামায়াত সংঘর্ষে নিহত ১
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজার এলাকায় বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াত কর্মী হাফিজুর রহমান (৬০) নিহত হয়েছেন। নিহত হাফিজুর হাসাদাহ ইউনিয়ন জামায়াতের আমীর মফিজুর রহমানের বড় ভাই। সংঘর্ষে আহত মফিজুর রহমানের অবস্থাও আশঙ্কাজনক; তাকে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে।
সংঘর্ষে আহতদের উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে মধ্যরাতে মফিজুর রহমানের মৃত্যু হয়। বাকিরা বর্তমানে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় রবিবার সকাল সাড়ে দশটায় জামাতের পক্ষ থেকে জীবননগর শহরে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, হাসাদাহ এলাকায় পূর্ব শত্রুতার জেরে শনিবার ইফতারের পর জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে আকস্মিক সংঘর্ষ শুরু হয়। একপর্যায় তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
পুলিশ জানায়, জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই দলের অন্তত ছয়জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা–জীবননগর সার্কেল) মো. আনোয়ারুল কবীর ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখের নেতৃত্বে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।