সারাদেশ

আমি খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না: হানজালা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০২:৩২ পিএম

আমি খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না: হানজালা
সাইদ উদ্দিন আহমাদ হানজালা। ছবি: সংগৃহীত

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) রাত থেকে চার মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে শিবচর উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

জানা গেছে, শুক্রবার বিকেলে শিবচর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মাঠে আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তব্য দেন সংসদ সদস্য হানজালা। ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, প্রবাসী ও দেশের মানুষের সমর্থনেই তিনি নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, “আমি হানজালা এমপি হওয়ার আগে শিবচরের মাটিতে আমার কতটুকু ক্ষমতা ছিল, তা আপনারা দেখেননি। আমি এখন শান্তি চাই এবং শিবচরের সব মানুষকে নিয়ে কাজ করতে চাই। আমার চুপ করে থাকা দুর্বলতা নয়।”

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, “আমার এক প্রার্থী বলেছেন বিএনপিকে খোঁচাখুঁচি না করতে। কিন্তু আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না। আপনারা রাজনীতি করেন শিবচর নিয়ে, আর আমি রাজনীতি করি পুরো বাংলাদেশ নিয়ে।”

এ সময় তিনি আরও বলেন, তার জায়গায় অন্য কেউ থাকলে বিরোধী মতের মানুষদের বাড়িঘরে থাকতে দেওয়া হতো না। তবে তিনি শিবচরের মানুষকে বাকস্বাধীনতা দিয়েছেন এবং নিজের সমালোচনা করার সুযোগও দিয়েছেন বলে দাবি করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা চৌধুরীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, একজন সংসদ সদস্যের এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি। বিষয়টি নিয়ে এলাকায় নানা ধরনের সমালোচনা চলছে।

শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. সোহেল রানা বলেন, বর্তমান এমপি এবং তার পরিবার পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগের সঙ্গে ছিলেন। তিনি শিবচরে উগ্রবাদী রাজনীতির উত্থান ঘটাতে চাইছেন এবং শান্তিপূর্ণ পরিবেশ উত্তপ্ত করার উদ্দেশ্যেই এ ধরনের মন্তব্য করেছেন।

তবে নিজের বক্তব্যের বিষয়ে সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, তিনি মূলত শিবচর বিএনপিকে উদ্দেশ্য করে কথা বলেছেন। তার দাবি, বিএনপির কিছু কর্মী তার সমর্থকদের হুমকি ও তাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছিল। সেই প্রেক্ষিতেই তিনি ওই মন্তব্য করেছেন।

তিনি আরও বলেন, তার বক্তব্যের অংশবিশেষ কেটে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। শিবচরে কোনো ধরনের অন্যায় রাজনীতি হতে দেওয়া হবে না বলেও তিনি জানান।