সারাদেশ

ঈদ আনন্দে চা বাগানে এসে গণধর্ষণের শিকার তরুণী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৯:০৮ পিএম

ঈদ আনন্দে চা বাগানে এসে গণধর্ষণের শিকার তরুণী
ছবি: সংগৃহীত

ঈদ আনন্দ করতে এসে হবিগঞ্জের মাধবপুরের সুরমা চা-বাগানে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। পরমানন্দপুর গ্রামের আলী আজমের ছেলে জসিম মিয়াকে এ ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ভুক্তভোগীর স্বর্ণের দুল উদ্ধার করেছে পুলিশ। অপর আসামি শাহীন মিয়া পলাতক।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী গত ২৩ মার্চ বিকেলে তার পরিচিত এক যুবককে সঙ্গে সুরমা চা বাগানে বেড়াতে যান। সন্ধ্যার দিকে তারা বাগানের ভেতরে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় দুই ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে ‘ডাকাত’ বলে ধাওয়া করলে সঙ্গীয় যুবক দৌড়ে পালিয়ে যান। এরপর অভিযুক্তরা তরুণীর মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক চা-বাগানের ভেতরে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় । পরে তাকে মারধর করে তার স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে ভুক্তভোগীর সঙ্গী পুলিশে খবর দিলে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং পলাতক আসামির পরিচয়ও নিশ্চিত হওয়া গেছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে একাধিক ধর্ষণ মামলা রয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।