সারাদেশ

ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ আগুন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৮:৪২ এএম

ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর প্রায় পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ট্রেনটি ফৌজদারহাট অতিক্রম করার সময় হঠাৎ এর পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ছড়িয়ে পড়ে, এতে ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস। কুমিরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ক্ষতিগ্রস্ত বগি সরিয়ে নেওয়ার কাজ চলছে।

তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।