সারাদেশ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১১:১৩ এএম

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত

লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্ত এলাকায় বুধবার (৮ এপ্রিল) ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. আলী হোসেন নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

ধবলগুড়ি বিওপির সীমান্ত পিলার ৮৭৪/২-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন পাটগ্রাম উপজেলার সরকারহাট জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি (পূর্ব পানিয়ারটারী) গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। এ ঘটনায় সীমান্ত এলাকায় শোক ও উত্তেজনা তৈরি হয়েছে। 

বিজিবি ও স্থানীয় লোকজন জানান, ওই সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরু পারাপারে চেষ্টা করেন একদল চোরাচালানকারী। এ সময় ভারতীয় ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফ’র সাতগ্রাম ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। সেই গুলিতে ধবলগুড়ি পূর্ব পানিয়ারটারী এলাকার আব্দুল গফুরের পুত্র আলী হোসেন (৪৯) নিহত হয়।

পরে নিহত আলী হোসেনের মরদেহ বিএসএফের সদস্যরা টেনেহিঁচড়ে নিয়ে গেছে বলে জানিয়েছে ৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।

এর আগে, সোমবার (৬ এপ্রিল) একই এলাকায় ঘাস কাটার সময় বিএসএফের গুলিতে মো. মিজানুর রহমান নামে আরেক বাংলাদেশি যুবক আহত হন। সেই ঘটনার ক্ষত ভরার আগেই ফের একই সীমান্তে প্রাণহানির ঘটনা ঘটলো, যা সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।