সারাদেশ
লামায় সার্টিফিকেট নেওয়ার কথা বলে বেরিয়ে নিখোঁজ ৩ কিশোরী, উৎকণ্ঠায় পরিবার
বান্দরবানের লামা উপজেলায় বাড়ি থেকে বের হওয়ার পর তিন কিশোরীর নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। গত ১০ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সন্তানদের ফিরে পাওয়ার আশায় দিন কাটছে পরিবারের সদস্যদের। নিখোঁজ কিশোরীদের সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন স্বজনেরা।
নিখোঁজ তিন কিশোরী হলো-লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বধুরঝিরি এলাকার বাসিন্দা আবুল হাশেমের মেয়ে তানিয়া সুলতানা, শহিদুল ইসলামের মেয়ে রেশমি আক্তার এবং বেলাল উদ্দিনের মেয়ে হালিমাতুচ্ছ সাদিয়া।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সার্টিফিকেট আনার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল রেশমি আক্তার। পরে তার সঙ্গে অন্য দুই কিশোরীও বের হয়। এরপর থেকে তারা আর বাড়িতে ফিরে আসেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে, সার্টিফিকেট নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হলে মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, নিখোঁজ তিন কিশোরীর কেউই সার্টিফিকেট নিতে তার বিদ্যালয়ে যায়নি। ফলে তারা কোথায় গেছে, তা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
অন্যদিকে, ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন জানান, ওই তিন শিক্ষার্থী বিদ্যালয়ে অনিয়মিত ছিল। তাদের সন্ধান পেতে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, নিখোঁজ তিন কিশোরীর অভিভাবকেরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাদের নিখোঁজ হওয়ার কারণ অনুসন্ধান এবং সন্ধান বের করতে পুলিশ কাজ করছে।
তিন কিশোরীর নিখোঁজের ঘটনায় পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। কখন, কোথায় এবং কীভাবে তারা নিখোঁজ হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানতে চেষ্টা করছেন স্বজনেরা। দ্রুত তাদের সন্ধান বের করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রত্যাশা করছেন তারা।