সারাদেশ

নওগাঁয় চার খুন ডাকাতি নয়, জমিজমা সংক্রান্ত বিরোধে হত্যা


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পিএম

নওগাঁয় চার খুন ডাকাতি নয়, জমিজমা সংক্রান্ত বিরোধে হত্যা
ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড ডাকাতি নয়, বরং জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য আটকরা হলেন—নিহত হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন (৭০), বোন ডালিমা ও হালিমা এবং ভাগনে সবুজ রানা (২৫)।

পুলিশ সুপার বলেন, “প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ড কোনো ডাকাতি বা দস্যুতা বলে মনে হচ্ছে না। ঘটনাটি পারিবারিক বা জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘটতে পারে। যে গৃহবধূ মারা গেছেন, তার কানে এখনো গহনা (দুল) রয়েছে। এই ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিট একযোগে কাজ করছে। দ্রুতই ঘটনার রহস্য উদঘাটন করা হবে।”

এর আগে সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন—উপজেলার বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), তাঁর স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং তিন বছরের মেয়ে সাদিয়া আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতের কোনো এক সময় বাড়ির ভেতরে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকে তাদের মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হাবিবুর রহমানের বোন শিরিনার সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে আগেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।