সারাদেশ
সিলেটে বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
সিলেট মহানগরীর বাগবাড়ি এলাকায় নিজ বাসা থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মনোজ কান্তি দাস (৫৫)। তিনি দীর্ঘদিন ধরে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে কোতোয়ালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করেন।
পুলিশ জানায়, মনোজ কান্তি দাস সুনামগঞ্জের শাল্লা উপজেলার নারকিলা গ্রামের মৃত মহিম চন্দ্র দাসের ছেলে। তিনি সিলেট নগরীর কোতোয়ালী থানার বাগবাড়ি নরসিংটিলা এলাকার একটি বাসায় শ্বশুর-শাশুড়ি ও ছেলে-মেয়ের সঙ্গে বসবাস করতেন। পরিবারের অন্য সদস্যরা নিচতলায় থাকলেও তিনি দ্বিতীয় তলায় একাই থাকতেন।
সোমবার (২৭ জুলাই) রাতে প্রতিদিনের মতো ডিউটি শেষে বাসায় ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে যান। পরদিন সারাদিন তার কোনো সাড়া না পেয়ে রাতে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের মেঝে থেকে তার মরদেহ উদ্ধার করে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ–এর মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আগামী ১ আগস্ট থেকে মনোজ কান্তি দাসের অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরু হওয়ার কথা ছিল। গত বছর সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি সন্তানদের নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ওই বাসায় বসবাস করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে মনজুরুল আলম বলেন, প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।