সারাদেশ

জাইমা রহমানের জন্মদিনে নতুন বাড়ি পেলেন জুলাই যোদ্ধা রনির মা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ পিএম

জাইমা রহমানের জন্মদিনে নতুন বাড়ি পেলেন জুলাই যোদ্ধা রনির মা
জাইমা রহমানের জন্মদিনে নতুন বাড়ি পেলেন জুলাই যোদ্ধা রনির মা। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে শহীদ রনি প্রামাণিকের মা সাহেনা বেওয়াকে নতুন বাড়ি উপহার দেওয়া হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাশ গ্রামে মানবিক এ উদ্যোগের আয়োজন করে শিবগঞ্জ উপজেলা বিএনপি।

কর্মসূচির পৃষ্ঠপোষকতা ও সার্বিক তত্ত্বাবধান করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। তিনি নিজ হাতে রনির মায়ের কাছে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন।

চোখ ভরা অশ্রু আর কৃতজ্ঞতার কণ্ঠে রনির মা সাহেনা বেওয়া বলেন, “আমার ছেলেকে হারিয়েছি, কিন্তু আজ মনে হচ্ছে আবার একটি পরিবার পেয়েছি। মীর শাহে আলম আমার ছেলের মতোই। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও তাদের কন্যা জাইমা রহমানের জন্য দোয়া করছি।”

চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাবসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২০ জুলাই বিকেলে ঢাকার সাভারে গুলিতে নিহত হন বগুড়ার শিবগঞ্জের রিকশাচালক রনি প্রামাণিক। অসুস্থ ছেলের ওষুধ কিনতে বের হয়ে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

অর্থাভাবে রনির মরদেহ গ্রামের বাড়িতে আনা সম্ভব হচ্ছিল না। পরে স্থানীয়দের সহায়তায় অ্যাম্বুলেন্স ভাড়া করে তার মরদেহ বগুড়ায় আনা হয়। পরদিন (২১ জুলাই) শিবগঞ্জের পঞ্চদাশ গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।