সারাদেশ

আদমদীঘিতে বিড়াল হত্যাকারী সেই নারী আটক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম

আদমদীঘিতে বিড়াল হত্যাকারী সেই নারী আটক
ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে মাছ খেয়ে ফেলার জেরে একটি বিড়ালকে গলা কেটে হত্যার অভিযোগে বুলবুলি বেগম (২৬) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) সকালে তাকে আটক করা হয়। তিনি উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের বাসিন্দা।

এর আগে বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন বাদী হয়ে আদমদীঘী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মাছ খাওয়াকে কেন্দ্র করে এক নারী নির্মমভাবে একটি বিড়ালকে গলা কেটে হত্যা করে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে প্রাণীর প্রতি অমানবিক আচরণের দৃশ্য দেখে নিন্দার ঝড় ওঠে অনলাইনে।

বিষয়টি নজরে আসে প্রাণী অধিকার বিষয়ক সংগঠন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর। সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নারী বুলবুলিকে আটক করে।

সংগঠনের আহ্বায়ক আদনান আজাদ বলেন, “আমরা প্রতিটি প্রাণীর জীবনের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে কাজ করছি। এমন নির্মমতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।”

সংগঠনের প্রধান সমন্বয়কারী ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, “দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল—এই চেতনায় সবাইকে প্রাণ-প্রকৃতি রক্ষায় এগিয়ে আসতে হবে। প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণকারীদের কঠোর শাস্তি দিতে হবে।”

এর আগে ভিডিওটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। তিনি বিষয়টি নিয়ে অত্যন্ত মর্মাহত এবং ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।