সারাদেশ

বগুড়ায় ৪৯৬ নারী পেলেন ফ্যামিলি কার্ড


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০২:৩৩ পিএম

বগুড়ায় ৪৯৬ নারী পেলেন ফ্যামিলি কার্ড
ছবি: সংগৃহীত

বগুড়ার সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নে প্রাথমিক পর্যায়ে ৪৯৬ জন নারীকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। উপকারভোগীরা জানিয়েছেন, কার্ড হাতে পাওয়ার আগেই তাদের মোবাইল ফোনে সরকারি সহায়তার অর্থ পৌঁছে গেছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোপালবাড়ি এলাকায় উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ওই ইউনিয়নে ৪৯৬ জন নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে মোট ৮৬৮ জনকে এই কর্মসূচির আওতায় আনা হবে।

কার্ড পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী নারীরা। তাদের কয়েকজন জানান, কার্ড পাওয়ার আগেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহায়তার টাকা পৌঁছে গেছে। এই সহায়তা তাদের পরিবারের বিভিন্ন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, প্রান্তিক পর্যায়ের নারীদের আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে অনেকের মোবাইলে অর্থ পৌঁছে গেছে এবং পর্যায়ক্রমে সবাইকে এই সুবিধার আওতায় আনা হবে।

অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ-উন নবী সালাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।