সারাদেশ
নওগাঁয় রাজশাহীতে পাচারের অভিযোগে ১২০ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে বিক্রি
নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়ন থেকে পার্শ্ববর্তী রাজশাহী জেলায় সার পাচারের অভিযোগে ১২০ বস্তা ডিএপি কমপ্লেক্স সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয় জনগণের সহায়তায় পরিচালিত এক অভিযানে দুটি গাড়ি থেকে এসব সার জব্দ করা হয়। জব্দ করা সারের সরকারি মূল্য আনুমানিক ১ লাখ ২৬ হাজার টাকা।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দুবলহাটি ইউনিয়ন থেকে দুটি গাড়িতে করে এসব সার অন্য জেলায় পাচারের চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা গাড়ি দুটি আটকে দেন এবং উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় দুবলহাটি ইউনিয়নের সংশ্লিষ্ট সার ডিলার ওয়াসেফ আলী মোল্লার কোনো প্রতিনিধিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরে আমিন জব্দ করা সারগুলো সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুনিরুল ইসলামের তত্ত্বাবধানে দুবলহাটি ইউনিয়ন পরিষদে সংরক্ষণের নির্দেশ দেন। পরে সারগুলো ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার জিম্মায় রাখা হয়।
এ বিষয়ে প্রশাসন জানায়, আজ বুধবার সরকার নির্ধারিত মূল্যে জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ অর্থ নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।