সারাবিশ্ব

প্রকৃতির সঙ্গে কখনও ঝামেলায় জড়াবেন না: ডোনাল্ড ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০২ এএম

প্রকৃতির সঙ্গে কখনও ঝামেলায় জড়াবেন না: ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের একটি বন্যপ্রাণী পার্কে বাঘের হামলায় এক ব্যক্তির মৃত্যুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিওটির সঙ্গে তিনি লিখেছেন, প্রকৃতির সঙ্গে কখনো ঝামেলায় জড়াবেন না। তবে এমন মর্মান্তিক ঘটনার ভিডিও প্রকাশ করায় সমালোচনার মুখে পড়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার (১০ অক্টোবর) ইংল্যান্ডের ডনকাস্টারের ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে বাঘের খাঁচায় প্রবেশের পর উইলিয়াম চ্যাপম্যান নামের এক ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ জানায়, ওই ব্যক্তি একাই পার্কে গিয়েছিলেন। স্থানীয় সময় দুপুর দেড়টার পর জরুরি সেবায় খবর দেওয়া হলে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে প্রায় ১ কোটি ৩০ লাখ অনুসারীর সঙ্গে বাঘের হামলার সংক্ষিপ্ত ভিডিওটি শেয়ার করেন। ভিডিওতে বাঘটিকে ওই ব্যক্তিকে আঁচড়াতে ও কামড়াতে দেখা যায়। তবে এতে তার মৃত্যুর দৃশ্য দেখানো হয়নি।

এর কিছুক্ষণ পর ট্রাম্প আরও একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে কয়েকজন ব্যক্তির ওপর সিংহের হামলার দৃশ্য দেখা যায়। ভিডিওটির সঙ্গে প্রফুল্ল আবহের সংগীতও যুক্ত ছিল।

এদিকে, ঘটনার পর থেকে ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক বন্ধ রয়েছে। বুধবার পর্যন্ত টানা পাঁচ দিন পার্কটি বন্ধ রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রতিবেদনে আরও বলা হয়, উইলিয়াম চ্যাপম্যান শৈশবে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আইটিভির ‘মে কনটেইন নাটস’ এবং বিবিসির ‘ট্রু স্টোরিজ’ অনুষ্ঠানে অভিনয় করেছিলেন। তার সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান জ্যাকি পামার স্টেজ স্কুল এক বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।