সারাদেশ

বারবার নিষেধের পরও তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়িতে যাতায়াত, বাড়ির পাশে মিলল দুলু মিয়ার লাশ


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পিএম

বারবার নিষেধের পরও তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়িতে যাতায়াত, বাড়ির পাশে মিলল দুলু মিয়ার লাশ
বারবার নিষেধের পরও তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়িতে যাতায়াত, বাড়ির পাশে মিলল দুলু মিয়ার লাশ। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের সখীপুরে দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেত থেকে দুলু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের চটানপাড়া মগার মার্কেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি স্থানীয় বড়চওনা রফিক রাজু স্কুলে দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে দুলু মিয়া দ্বিতীয় বিয়ে করেন। কয়েক বছর আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার তালাক হয়। তবে তালাকের পরও ওই বাড়িতে তার নিয়মিত যাতায়াত ছিল।

দুলু মিয়ার প্রথম স্ত্রী আসমা বেগম বলেন, বারবার নিষেধ করেও তাকে ফেরানো যায়নি। তার অভিযোগ, দ্বিতীয় স্ত্রীর পরিবারের লোকজনই তার স্বামীকে হত্যা করেছেন।

তবে তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম বলেন, তালাকের পর থেকে দুলু মিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন।

নিহতের ছেলে আজহার মিয়া জানান, মঙ্গলবার রাতে তার বাবা দোকানে চা পান করে বাড়ি ফেরেন। কিছুক্ষণ পর আবার বাইরে বের হন। এরপর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে বাবার মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।

স্থানীয়রা জানান, সকালে ধানক্ষেতের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। এ ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।