সারাদেশ

শনিবার স্কুল-কলেজ বন্ধ ভেবে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া হলো না শিক্ষার্থীর


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৯:২০ পিএম

শনিবার স্কুল-কলেজ বন্ধ ভেবে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া হলো না শিক্ষার্থীর
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে রুটিন ভুল বোঝার কারণে এইচএসসি পরীক্ষা দিতে পারেননি শাহনাজ পারভিন নামের এক শিক্ষার্থী। শনিবার (০৪ জুলাই) নবাবগঞ্জ সিটি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের দিয়াড় কলেজের ছাত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার অনুষ্ঠিত হয় এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। তবে রুটিন ঠিকমতো না দেখায় শাহনাজ নির্ধারিত সময়ের অনেক দেরিতে কেন্দ্রে পৌঁছান। তিনি যখন কেন্দ্রে আসেন, তখন পরীক্ষা শেষ হতে মাত্র আধাঘণ্টা বাকি ছিল। ফলে নিয়ম অনুযায়ী কেন্দ্র কর্তৃপক্ষ তাকে পরীক্ষায় অংশ নিতে দেয়নি।

শাহনাজ পারভিন জানান, শনিবারে সাধারণত স্কুল-কলেজ বন্ধ থাকে বলে তিনি ধরে নিয়েছিলেন সেদিন কোনো পরীক্ষা হবে না। এ কারণে রুটিনটি ভালোভাবে খেয়াল করেননি। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত কেন্দ্রে এলেও আর পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাননি। তিনি কর্তৃপক্ষের কাছে বিশেষ সুযোগের আবেদন জানান।

দিয়াড় কলেজের সহযোগী অধ্যাপক আবু বকর সিদ্দিক বলেন, অনেক দিন পর শনিবারে পরীক্ষা পড়ায় শিক্ষার্থীটি বিভ্রান্ত হয়েছে। বিষয়টি জানার পর তিনি কেন্দ্র কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও নিয়মের বাইরে গিয়ে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

নবাবগঞ্জ সিটি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ জানান, নির্ধারিত সময়ের অনেক পরে আসায় পরীক্ষার্থীকে ভেতরে নেওয়া যায়নি। সরকারি বিধি অনুযায়ী নির্ধারিত সময় অতিক্রমের পর পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। তবে শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ অনুমতি পাওয়া গেলে বিষয়টি বিবেচনা করা যেতে পারে।