সারাদেশ

নওগাঁয় দুই শিক্ষার্থীকে পিটিয়ে জখমের অভিযোগ, প্রধান শিক্ষকের গাড়ি ভাঙচুর ও আগুন


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৭:৩৭ পিএম

নওগাঁয় দুই শিক্ষার্থীকে পিটিয়ে জখমের অভিযোগ, প্রধান শিক্ষকের গাড়ি ভাঙচুর ও আগুন
নওগাঁয় দুই শিক্ষার্থীকে পিটিয়ে জখমের অভিযোগ, প্রধান শিক্ষকের গাড়ি ভাঙচুর ও আগুন। ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর মান্দা উপজেলার বিলবয়রা উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে প্রহারের অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনতা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের মোটরবাইক ভাঙচুর শেষে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে তারা বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রকাশ করে।

মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছে সপ্তম শ্রেণির দুই ছাত্র আবদুল্লাহ ও মামুনুর রশিদ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিলবয়রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে ঐ দুই শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ ওঠে। নির্যাতনের খবর এলাকায় জানাজানি হলে অভিভাবক ও স্থানীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরপরই বিক্ষোভকারীরা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে প্রতিবাদ জানান।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উত্তেজিত জনতা প্রধান শিক্ষকের ব্যবহৃত বাইকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় এবং প্রতিষ্ঠানের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার জাহান সাথী জানান, খবর পাওয়া মাত্রই উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।