সারাদেশ
বগুড়ায় ১১ ঘণ্টার ব্যবধানে একই স্থানে দুর্ঘটনা, এবার একসঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
বগুড়ায় একই দিনে দুই দফা সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। সকালে সাতজন নিহতের ঘটনার রেশ কাটতে না কাটতেই বিকেলে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সাত বছর বয়সী নাতি আহত হলেও সে আশঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার এরুলিয়া বিমানবন্দরসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার আটাপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিন মোল্লার ছেলে বাবুল হাসান (৫০) ও তার স্ত্রী জেসমিন বিবি (৪৫)। বাবুল হাসান পেশায় স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাবুল হাসান স্ত্রী ও নাতিকে নিয়ে মোটরসাইকেলে কাহালুর দিকে যাচ্ছিলেন। পথে এরুলিয়া বিমানবন্দর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার অটোভ্যানকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাবুল হাসানের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী জেসমিন বিবি ও নাতি জুলকার নাইনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর প্রাইভেটকারের নারী চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।