সারাবিশ্ব

দ্রুত ইমাম মাহদীর আগমন কামনা করলেন মোজতবা খামেনি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২০ পিএম

দ্রুত ইমাম মাহদীর আগমন কামনা করলেন মোজতবা খামেনি
ছবি: সংগৃহীত

ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশটির নিরাপত্তা রক্ষায় পুলিশ বাহিনীর ভূমিকা ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেছেন। একই সঙ্গে ইমাম মাহদীর দ্রুত আগমন কামনা করে তিনি আশা প্রকাশ করেছেন, তার দোয়ার বরকতে ইরানের নিরাপত্তা, শক্তি ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে।

শুক্রবার তাসনিম সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বার্তায় মোজতবা খামেনি বলেন, মহান আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত হলো নিরাপত্তা। ইরানের বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত সীমান্ত এলাকা পর্যন্ত নিরাপত্তা বজায় রাখতে পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আশা প্রকাশ করেন, ইমাম মাহদীর দোয়ার বরকতে ইসলামি ইরানের নিরাপত্তা, শক্তি ও মর্যাদা বৃদ্ধিতে পুলিশ সদস্যরা আরও সাফল্য অর্জন করবেন। বার্তায় তিনি ইমাম মাহদীর পবিত্র পুনরাগমন দ্রুত হওয়ার কামনাও জানান।

ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া দ্বিতীয় ও তৃতীয় যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুলিশ বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে সামনের সারির সদস্যদের ওপর ধারাবাহিকভাবে আঘাত হানার চেষ্টা করেছে। তবে এসব হামলার মধ্যেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে অবিচল ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

বার্তায় পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করা হয়। এ জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং জনবল, যন্ত্রপাতি ও প্রযুক্তিগত ব্যবস্থার সার্বিক উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

পরিশেষে পুলিশ বাহিনীর প্রধান কমান্ডারসহ সব সদস্যের নিষ্ঠা, সাহস ও দায়িত্বশীলতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মোজতবা খামেনি।