রাজধানী

ধানমণ্ডিতে ভবন ব্যবস্থাপনা নিয়ে অনিয়মের অভিযোগ, থানায় লিখিত আবেদন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পিএম

ধানমণ্ডিতে ভবন ব্যবস্থাপনা নিয়ে অনিয়মের অভিযোগ, থানায় লিখিত আবেদন
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমণ্ডিতে একটি অ্যাপার্টমেন্ট ভবনের ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘন, আর্থিক অনিয়ম, নিরাপত্তার ঘাটতি ও ফ্ল্যাট মালিকদের হয়রানির অভিযোগ উঠেছে। সিকিউরিটি মানি নিয়ে বিরোধের জেরে হুমকি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগে ধানমণ্ডি মডেল থানায় লিখিত আবেদন করেছেন ফ্ল্যাট মালিক মো. ওবায়দুল্লাহ আনসারী।

ফ্ল্যাট মালিকদের একাংশের অভিযোগ, ২০২৫ সালের ১৪ এপ্রিল বহিরাগতদের উপস্থিতিতে জেহাদ উদ্দিন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থাপনা কমিটির মেয়াদ এক বছর হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে দুই বছর করা হয়।

এ ছাড়া কমিটির আয়-ব্যয়ের হিসাব প্রকাশ না করা, নিরীক্ষা কমিটিকে স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া এবং ভবন রং করতে প্রায় সাড়ে তিন লাখ টাকা ব্যয়ের বিপরীতে বিল ও ভাউচার না থাকার অভিযোগ করেছেন মালিকদের একাংশ।

ভবনের জেনারেটর, লিফট, প্রবেশপথের হলঘর ও ছাদবাগানের খরচ নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। পাশাপাশি মসজিদের তহবিলের হিসাব প্রকাশ না করা, ইমাম নিয়োগে অনিয়ম, অচল সিসিটিভি ক্যামেরা এবং নকশাবহির্ভূতভাবে একটি ফ্ল্যাটের ছাদ কাটার অভিযোগ উঠেছে। ব্যবস্থাপনা কমিটির নাম ব্যবহার করে ফ্ল্যাট বিক্রির কার্যক্রম পরিচালনার অভিযোগও করেছেন কয়েকজন মালিক।

অন্যদিকে, গত মে মাসে ভবনটির একটি ফ্ল্যাট কিনে পরিবার নিয়ে বসবাস শুরু করেন ওবায়দুল্লাহ আনসারী। তার অভিযোগ, মালিক সমিতির কয়েকজন সদস্য তার কাছে ৫০ হাজার টাকা নিরাপত্তা জামানত দাবি করেন। তবে আগের মালিক ওই অর্থ পরিশোধ করেছেন বলে দাবি করে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান।

এরপর তাকে হুমকি দেওয়া, বাসার আন্তঃযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা এবং হোয়াটসঅ্যাপের দলীয় আলোচনা থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় রাসেদুল হক সিকদার, কাজী শহীদুল ইসলাম লিটন, আ.ন.ম. জিয়াউল ইসলাম মিঠু, মো. জেহাদ উদ্দিন ও নাদিম উদ্দিন আহমেদ খানের নাম উল্লেখ করেছেন অভিযোগকারী।

লিখিত অভিযোগে ওবায়দুল্লাহ আনসারী দাবি করেন, এ ধরনের হয়রানির কারণে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে জেহাদ উদ্দিনসহ অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

ধানমণ্ডি মডেল থানা পুলিশ জানিয়েছে, আগামী শুক্রবার অ্যাপার্টমেন্ট মালিক সমিতির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আলোচনার মাধ্যমে সমাধান না হলে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন দেখা দিলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

ভবন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ফ্ল্যাট মালিকদের একাংশ।