সারাদেশ

নবীনবরণ অনুষ্ঠানে বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পিএম

নবীনবরণ অনুষ্ঠানে বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে নবীনবরণ অনুষ্ঠানে বিএনপি নেতাদের উপস্থিতিতে শিক্ষার্থীদের একটি অংশ ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে আমতলীর চুনাখালী এলাকার ইউনুস আলী খান ডিগ্রি কলেজের মিলনায়তনে একাদশ ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির। তার বক্তব্য শেষ হওয়ার পর শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানান, জালাল উদ্দিন ফকিরের বক্তব্য শেষ হওয়ার পর কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বিস্মিত হন বলে দাবি করেন তারা।

তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা।

তিনি বলেন, ‘আমরা সামনে বসা ছিলাম। পেছন থেকে শিক্ষার্থীদের মধ্য থেকে কেউ জয় বাংলা স্লোগান দিয়েছে কি না, তা আমাদের কানে আসেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখেছি। সেটি সম্পাদনা করা কি না, তা-ও জানি না।’

কলেজের অধ্যক্ষ মো. জাকারিয়া জানান, কলেজে নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। তবে কোনো শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন কি না, তা তিনি শুনতে পাননি। সামাজিক যোগাযোগমাধ্যমে কী ধরনের ভিডিও ছড়িয়েছে, সে বিষয়েও তিনি অবগত নন।