সারাবিশ্ব
সৌদি আরবের বিমানবন্দরে আবারও হামলা, নিহত পাইলটসহ ৩
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে পাইলটসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিমানবন্দরটিতে দুটি হামলার পর এ তথ্য জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইরান সমর্থিত গোষ্ঠীটি ইতোমধ্যে হামলার দায় স্বীকার করেছে।
সৌদি আরবের সাধারণ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, হামলায় সৌদি নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসীদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার প্রথম হামলাটি চালানো হয় রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে। দ্বিতীয় হামলার লক্ষ্য ছিল সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার একটি উড়োজাহাজ। এ ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে সংস্থাটির একজন পাইলটও রয়েছেন বলে জানিয়েছে সৌদিয়া।
তবে হামলার পর বিমান চলাচল আবার স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এদিকে সৌদি সীমান্তের কাছে নাজরান শহরের একটি বিমানবন্দর এবং আরও উত্তরে অবস্থিত খামিস মুশাইত বিমানঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে হুতিরা। তবে এসব হামলার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এর আগে গত ৬ ও ৭ অক্টোবর সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুতিদের হামলায় আরও তিনজন নিহত হন। বুধবার সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুজন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। এ ছাড়া কিং খালিদ বিমানবন্দরে আরেকজন নিহত হন।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ধারাবাহিক হামলার ঘটনা ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনী এবং দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণকারী হুতিদের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতের তীব্রতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
হুতিদের সামরিক মুখপাত্র এর আগে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলাকে ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসনের জবাব বলে উল্লেখ করেন। তার দাবি, এর আগের ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৬০টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল।
ইয়েমেনের গৃহযুদ্ধে সরকারি বাহিনীকে সৌদি আরব সমর্থন দেওয়ার কারণেই দেশটিকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে দাবি হুতিদের।