সারাদেশ

যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড় ও গোলাপজল, চিরকুটে লেখা ‘জয় বাংলা’


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পিএম

যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড় ও গোলাপজল, চিরকুটে লেখা ‘জয় বাংলা’
ছবি: সংগৃহীত

নরসিংদীতে যুবদল নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, গোলাপজল ও আগরবাতি রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় সেখানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি চিরকুটও পাওয়া যায়। ওই চিরকুটে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের বনাইদ গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোবারক হোসেন ওই ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। ৫০ বছর বয়সী মোবারক হোসেন স্থানীয় বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন ব্যবসায়ী এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

মোবারক হোসেন জানান, ব্যবসায়িক কাজে তিনি ঢাকায় ছিলেন। এ সময় বাড়ি থেকে ফোন করে তাকে ঘটনাটি জানানো হয়। খবর পেয়ে দ্রুত বাড়িতে ফিরে তিনি স্থানীয় দলীয় নেতাদের পাশাপাশি পুলিশকে বিষয়টি জানান।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি শপিং ব্যাগ থেকে সাদা কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি চিরকুট উদ্ধার করে। রাত ১০টার দিকে আলামতগুলো থানায় নিয়ে যাওয়া হয়।

মোবারক হোসেনের অভিযোগ, চিরকুটে তাকে গালাগালি করার পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোশাররফ মেম্বারের বিপক্ষে প্রার্থী না হওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া চিরকুটে লেখা বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে।

এ ঘটনায় তিনি মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মোবারক হোসেন বলেন, ‘ঘটনার পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমি জানি না। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা চাই।’

ঘটনার পর মোবারক হোসেনের বাড়িতে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতা-কর্মীদের ভিড় দেখা যায়।

আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া বলেন, কে বা কারা চিরকুট লিখে মোবারক হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়েছে। ঘটনার সঠিক তদন্তের পাশাপাশি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, আমদিয়া ইউনিয়নের বনাইদ গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই মোবারক হোসেনের বাড়িতে পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তদের রেখে যাওয়া আলামত থানায় নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।