রাজধানী
‘জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বেশি অবদান খালেদা জিয়ার, মেট্রোর পিলারে হবে গ্রাফিতি’
চব্বিশের জুলাই অভ্যুত্থানের পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার ছবি মেট্রোরেলের পিলারে গ্রাফিতি হিসেবে আঁকা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টন।
শুক্রবার সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত জুলাইয়ের গ্রাফিতি পুনরায় আঁকার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শফিকুল ইসলাম মিল্টন বলেন, জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল খালেদা জিয়ার। এ কারণে মেট্রোরেলের পিলারে তার ছবি আঁকা হবে। এ কার্যক্রমে কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাত করা হবে না। যারা গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছেন, তাদের সবার গ্রাফিতি মেট্রোরেলের পিলারে আঁকা হবে।
রাজধানীর ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে তিনি বলেন, ঢাকা শহরের প্রতিটি এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে। যেসব স্থানে সমস্যা রয়েছে, সেসব জায়গায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা নিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
ফুটপাত দখল নিয়ে হুঁশিয়ারি দিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, একটি রাজনৈতিক দল ফুটপাত দখলকারীদের উসকানি দিয়ে আবারও ফুটপাত দখলের চেষ্টা করছে। কেউ ফুটপাত দখলের ষড়যন্ত্র করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।