সারাদেশ

বিরামপুরে জমি দখল ও ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, গ্রেফতার ২


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম

বিরামপুরে জমি দখল ও ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, গ্রেফতার ২
গ্রেফতার ২ আসামি। ছবি: ঢাকাপ্রকাশ

দিনাজপুরের বিরামপুর উপজেলার শ্রীপুর গ্রামে জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

মামলা সূত্রে জানা যায়, শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শামীম ইসলাম পৈতৃকভাবে প্রাপ্ত একটি জমি প্রায় ৩৬ বছর ধরে ভোগ দখল করে আসছিলেন। অভিযোগ রয়েছে, ওই জমিতে বিবাদী পক্ষ জোর করে আমন ধান রোপণ করে।

গত ২৩ নভেম্বর ধান কাটার সময় শামীম ইসলাম ও তার পরিবার বিবাদী পক্ষকে আপোষ-মীমাংসার কথা জানালে একপর্যায়ে সংঘর্ষ বাধে। অভিযুক্তরা সিরাজুল ইসলামকে ধান কাটার কাঁচি দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করে এবং লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে শামীম ইসলাম, তার বাবা সিরাজুল ও ভাই শাহীনকে মারধর করে আহত করে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। অভিযোগ অনুযায়ী, যাওয়ার সময় বিবাদীরা প্রাণনাশের হুমকিও দেয়।

এ ঘটনায় শামীম ইসলাম বাদী হয়ে শ্রীপুর গ্রামের মঈনুল ইসলামের ছেলে সব্বুর আলী, পিয়ার তুল্লার ছেলে নজরুল ইসলাম, তরিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, রবিউল ইসলাম এবং সারেকুল ইসলামের ছেলে আশিকসহ অজ্ঞাত আরও ৪–৫ জনকে আসামি করে বিরামপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে নজরুল ইসলাম ও তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে বলে জানান তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আল আমিন। তিনি জানান, আটক দুজনকে মঙ্গলবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।