সারাদেশ

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৭:২৯ পিএম

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশীপুর গ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে গ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে ব্রাজিল দল ২-০ গোলে পরাজিত হলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

তবে বুধবার সকালে খেলার ফলাফল নিয়ে পুনরায় তর্ক-বিতর্ক শুরু হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।