সারাদেশ

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৫:৩৯ পিএম

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের
ছবি: সংগৃহীত

সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারে দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং মাদক ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের আগে হযরত শাহপরান (রহ.) মাজার মসজিদে বক্তব্যকালে তিনি এসব নির্দেশনা দেন। এর আগে হযরত শাহজালাল (রহ.) মাজারে নতুন দানবাক্স স্থাপন এবং দানের ঐতিহ্যবাহী তিনটি ডেগ সিলগালা করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।

জেলা প্রশাসক বলেন, ওলি-আউলিয়াদের স্মৃতিবিজড়িত এ ধর্মীয় স্থানগুলোকে আরও সুশৃঙ্খল ও আধুনিকভাবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মাজার ও মসজিদকেন্দ্রিক সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ চলছে।

তিনি আরও জানান, দর্শনার্থীদের সুবিধার্থে মেডিকেল সেন্টার স্থাপন, নারীদের নামাজের ব্যবস্থা এবং নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হবে।

দান ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, মানুষের দেওয়া অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে স্বচ্ছতা জরুরি। হাতে হাতে দান সংগ্রহের পরিবর্তে দানবাক্স চালুর মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে। মাজারের আয়ের অর্থ সরকার নেবে না, বরং মাজারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।

মাজারে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে কঠোর অবস্থান নিয়ে তিনি বলেন, পবিত্র স্থানে মদ, গাঁজা বা অন্য কোনো মাদক সেবন কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া মাজারকেন্দ্রিক অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথাও জানান জেলা প্রশাসক। তিনি বলেন, এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে মানুষ মাজারে এসে আধ্যাত্মিক শান্তি অনুভব করতে পারে।

এদিকে দানবাক্স স্থাপন ও ডেগ সিলগালা করার ঘটনায় মাজারের একাংশ ভক্ত ও খাদেমদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।