সোশ্যাল মিডিয়া
পে স্কেল নিয়ে শঙ্কা, প্রজ্ঞাপন জারি না করলে আন্দোলনের হুঁশিয়ারি
দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের কাঙ্ক্ষিত নতুন পে স্কেলের সুপারিশ জমা হয়েছে। এতে সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন।
২০তম গ্রেডভুক্তদের বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের কর্মকর্তাদের বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতা দেলোয়ার হোসেন আজিজি বলেছেন, ‘১১ বছরে ২টি পে স্কেল হওয়ার কথা ছিল। পে স্কেলের প্রজ্ঞাপন জারি না করলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়বে।’ আজ শনিবার (২৪ জানুয়ারি) ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন তিনি।
বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বেতন বাড়ানোর প্রতিবেদন জমা দেয়া হয়। উচ্চ মূল্যস্ফীতির কারণে আওয়ামী লীগ সরকারের শেষ দুই বছরের ধারাবাহিকতায় চলতি অর্থবছরেও চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা দেয় বর্তমান সরকার। তবে এবার বেতনও বাড়ছে সরকারি চাকরিজীবীদের।
তবে বর্তমান সরকারের সময়ে এটি বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চাকরিজীবীরা। তারা দ্রুত বাস্তবায়নের দাবি তুলেছেন। দাবি না মানা হলে আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।