খেলা
চ্যাম্পিয়নস লিগের পর্দা উঠছে আজ, প্রথম দিনেই মাঠে নামছে রিয়াল-জুভেন্টাস
ইউরোপের ঘরোয়া মৌসুম শুরু হয়েছে এক মাস আগে। এবার পালা মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের। আজ (১৬ সেপ্টেম্বর) পর্দা উঠছে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন আসরের।
প্রথম দিনেই জমজমাট সূচি। বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে আর্সেনালের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। আর রাত ১টায় তিনটি বড় ম্যাচ একসঙ্গে—
- রিয়াল মাদ্রিদ বনাম অলিম্পিক মার্শেই
- জুভেন্টাস বনাম বরুশিয়া ডর্টমুন্ড
- টটেনহ্যাম হটস্পার বনাম ভিয়ারিয়াল
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ। তবে গত আসরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল লস ব্লাঙ্কোসদের। এবার শিরোপা পুনরুদ্ধারের মিশন নিয়েই মাঠে নামবে তারা। ইনজুরি কাটিয়ে ফিরছেন জুড বেলিংহাম। একাদশে থাকতে পারেন ভালভার্দে ও তরুণ আর্জেন্টাইন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তবে রক্ষণভাগ এখনো রিয়ালের দুর্বল দিক। ইনজুরির কারণে ছিটকে গেছেন রুডিগার।
২০১৫ সালের পর ইউরোপিয়ান মঞ্চে আবার মুখোমুখি হচ্ছে বরুশিয়া ডর্টমুন্ড ও জুভেন্টাস। আগের দেখায় বড় ব্যবধানে (৫-১ অ্যাগ্রিগেট) হেরেছিল ডর্টমুন্ড। এবারও তাদের জন্য চ্যালেঞ্জ কঠিন। ইনজুরির কারণে মাঠে থাকছেন না এমরি কান, নিকোলাস সুলে ও নিকো শ্লোটারবেক।
অন্যদিকে, সিরি আ’তে ইন্টার মিলানের বিপক্ষে জয় পেয়ে আত্মবিশ্বাসে ভরপুর জুভেন্টাস। ইনজুরি-সমস্যা না থাকায় পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে ‘ওল্ড লেডিস’।
সব মিলিয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এবারের চ্যাম্পিয়নস লিগ। প্রথম দিনেই দর্শকরা উপভোগ করবেন ইউরোপিয়ান ফুটবলের সেরাদের লড়াই।