খেলা
বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখবেন ইয়ামাল, ভক্তদের দিলেন চমকপ্রদ প্রতিশ্রুতি
স্পেন জাতীয় দলে নতুন আলো ছড়ানো তরুণ তারকা লামিনে ইয়ামাল প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নামতে যাচ্ছেন। অভিষেক আসরেই তাকে স্পেনের অন্যতম ভরসা হিসেবে দেখা হচ্ছে। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে ভক্তদের উদ্দেশে এক ভিন্নধর্মী প্রতিশ্রুতি দিয়েছেন এই প্রতিভাবান উইঙ্গার।
১৮ বছর বয়সী ইয়ামাল জানিয়েছেন, স্পেন যদি বিশ্বকাপ জিততে পারে, তবে তিনি টানা তিন সপ্তাহ দাড়ি-গোঁফ না কেটে রাখবেন। পাশাপাশি উদ্যাপনের অংশ হিসেবে ১০০টি হেডফোন উপহার দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় ইয়ামাল বলেন, বিশ্বকাপ জয় সম্ভব হলে এই প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করবেন। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা-র এই ফুটবলারের জন্য এটি হতে যাচ্ছে প্রথম বিশ্বকাপ হলেও বড় আসরের অভিজ্ঞতা তার একেবারে নতুন নয়।
২০২৪ ইউরো জয়ের অভিজ্ঞতা তুলে ধরে ইয়ামাল বলেন, বড় টুর্নামেন্টের শুরুতে চাপ থাকা স্বাভাবিক। প্রথম ম্যাচের অভিজ্ঞতা থেকেই তিনি শিখেছেন, একটি ম্যাচ খারাপ গেলেই সব শেষ হয়ে যায় না। দীর্ঘ আসরে ধৈর্য ধরে নিজের সেরাটা খেলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ব্যক্তিগত অর্জনের প্রসঙ্গেও কথা বলেছেন ইয়ামাল। মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, একসময় মনে হয়েছিল তিনি পুরস্কারটি পেতে পারেন। তবে পরে বুঝেছেন, তখনও তার সময় আসেনি। গতবার এই সম্মান জিতেছিলেন ফরাসি তারকা উসমান দেম্বেলে।
দেম্বেলের প্রশংসা করে ইয়ামাল জানান, তার সঙ্গে সম্পর্ক খুবই ভালো এবং তিনি নিয়মিত পরামর্শ দিয়ে তাকে সহায়তা করেন। কঠিন সময়ে মানসিকভাবে পাশে থেকেছেন বলেও জানান এই তরুণ।
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আজ পেরুর বিপক্ষে মাঠে নামবে স্পেন। মূল আসরে ‘গ্রুপ এইচ’-এ তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে।