খেলা
আর্জেন্টিনার বিপক্ষে এম্বোলোর লাল কার্ডের সিদ্ধান্ত ভুল ছিল: আইএফএবি
২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে স্বীকার করেছে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বিতর্ক এড়াতে ভিডিও সহকারী রেফারি ব্যবহারের নিয়ম আরও স্পষ্ট করেছে সংস্থাটি।
মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি জানায় আইএফএবি।
যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ৭২তম মিনিটে ১-১ সমতায় ছিল দুই দল। এ সময় আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের চ্যালেঞ্জে মাটিতে পড়ে যান এম্বোলো।
মাঠের রেফারি জোয়াও পিনহেইরো প্রথমে পারেদেসকে হলুদ কার্ড দেখান। তবে ভিডিও সহকারী রেফারির পরামর্শে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। পর্যালোচনায় দেখা যায়, পারেদেস কোনো ফাউল করেননি। পরে তার হলুদ কার্ড বাতিল করে এম্বোলোকেই অভিনয়ের অভিযোগে হলুদ কার্ড দেখানো হয়।
এটি ছিল এম্বোলোর দ্বিতীয় হলুদ কার্ড। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর ১০ জনের দলে পরিণত হওয়া সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে দুই গোল করে ৩-১ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।
এই সিদ্ধান্ত ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়। সুইজারল্যান্ডের পাশাপাশি মিসরও অভিযোগ করেছিল, আর্জেন্টিনার পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়া হচ্ছে।
আইএফএবি জানিয়েছে, বর্তমান ভিডিও সহকারী রেফারি নীতিমালা অনুযায়ী শুধু ভুল খেলোয়াড়কে কার্ড দেখানোর ক্ষেত্রে হস্তক্ষেপ করা যায়। কোনো খেলোয়াড়ের অপরাধ হয়েছে কি না বা হলুদ কার্ডের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য এই নিয়ম ব্যবহার করা যায় না।
সংস্থাটির ব্যাখ্যা অনুযায়ী, এম্বোলোর ক্ষেত্রে ভিডিও সহকারী রেফারির যে হস্তক্ষেপ করা হয়েছিল, তা বর্তমান আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। আইনের ভুল ব্যাখ্যার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আইএফএবি আরও জানায়, ২০২৬ বিশ্বকাপে অভিনয়ের ঘটনা শনাক্ত করতে ভুল খেলোয়াড়কে কার্ড দেখানোর নিয়ম ব্যবহারের বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেলেও বিষয়টি এখনো পর্যালোচনাধীন। পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের ঘটনায় এই বিধান ব্যবহার করা যাবে না।
এর আগে ম্যাচ শেষে সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন জানিয়েছিলেন, রেফারি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, এই নিয়মই তাদের ম্যাচ নষ্ট করেছে এবং এভাবে বিদায় নেওয়া খুবই কষ্টের।
এদিকে আইএফএবির ব্যাখ্যাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। নতুন মৌসুম শুরুর আগে রেফারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে উয়েফা জানায়, ভিডিও সহকারী রেফারির কাজ হলো রেফারির প্রতিটি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা নয়; বরং স্পষ্ট ও গুরুতর ভুলের ক্ষেত্রে হস্তক্ষেপ করা।
পাশাপাশি ভিডিও পর্যালোচনায় দীর্ঘ সময় ব্যয় কমিয়ে মাঠের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছে সংস্থাটি।
আইএফএবির নতুন নির্দেশনার ফলে ভবিষ্যতে ভিডিও সহকারী রেফারি ব্যবহারের ক্ষেত্রে আরও স্পষ্ট ও কঠোর নিয়ম অনুসরণ করা হবে বলে ধারণা করা হচ্ছে।