খেলা
এবার অবসরের ইঙ্গিত দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
পর্তুগিজ ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবার নিজের অবসরের বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। চলতি মৌসুমই তার পেশাদার ফুটবল ক্যারিয়ারের শেষ বছর হতে পারে বলে জানিয়েছেন তিনি।
রোববার (১৬ আগস্ট) প্রকাশিত ভোগ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘সম্ভবত এটাই আমার ফুটবলের শেষ বছর। আমি একটি দুর্দান্ত উত্তরাধিকার রেখে যেতে চাই।’
সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। এর আগে একাধিকবার অবসর নিয়ে কথা বললেও নির্দিষ্ট কোনো সময়সীমার কথা জানাননি ৪১ বছর বয়সী এই তারকা।
গত বছরের নভেম্বরে রোনালদো জানিয়েছিলেন, আরও এক বা দুই বছর খেলা চালিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন তিনি। একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপকে নিজের শেষ বিশ্বকাপ বলেও নিশ্চিত করেছিলেন। তবে বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে পর্তুগাল বিদায় নেওয়ার পরও ঠিক কবে ফুটবলকে বিদায় জানাবেন, তা স্পষ্ট করেননি।
এবার অবসরের পরের জীবন নিয়েও পরিকল্পনা শুরু করেছেন রোনালদো। ফুটবল ছাড়ার পর পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান তিনি।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রোনালদো বলেন, তার ভবিষ্যৎ নিয়ে সবকিছুই পরিকল্পনা করা আছে। নিজেকে ব্যস্ত রাখার মতো অনেক কিছু রয়েছে, তাই একটি বিষয় বেছে নেওয়া কঠিন।
ফুটবল ছাড়ার পর সময় কীভাবে কাটাবেন, সে বিষয়েও নিজের আগ্রহের কথা জানিয়েছেন তিনি। রোনালদোর ভাষ্য, ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় শূন্যতা তৈরি হতে পারে। তাই বিভিন্নভাবে নিজের সময় পূরণ করতে চান তিনি। আরও আনন্দ করা, বেশি ভ্রমণ করা এবং প্যাডেল খেলার পাশাপাশি সেটি দেখতেও চান। একই সঙ্গে দীর্ঘ ২৫ বছরের ত্যাগের মাধ্যমে অর্জন করা সাফল্য উপভোগ করতে চান এই তারকা।
এদিকে কয়েক দিন আগেই রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন। বাবা হোর্হে মেসির মৃত্যুর পর আর কতদিন ফুটবল খেলবেন, তা নিয়ে নিশ্চিত নন বলে জানিয়েছিলেন আর্জেন্টিনার এই তারকা।
রোনালদোর পেশাদার ক্যারিয়ার শুরু স্পোর্টিং সিপিতে। এরপর তিনি খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসে। ২০২৩ সালের জানুয়ারি থেকে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন তিনি।
রিয়াল মাদ্রিদে কাটানো নয় বছর ছিল রোনালদোর ক্যারিয়ারের সবচেয়ে সফল সময়। স্প্যানিশ ক্লাবটির হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করে ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি।
২০২৬ বিশ্বকাপেও পর্তুগালের হয়ে তিনটি গোল করেছেন রোনালদো। তবে শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পর্তুগাল।