কৃষি
তেলের সংকট নেই, কৃষকদের কোনো সমস্যা হবে না: পানি সম্পদ প্রতিমন্ত্রী
চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সংকটে ফসলের সেচ ব্যবস্থাপনায় কৃষকদের নিরবচ্ছিন্নভাবে ডিজেল ও বিদ্যুৎ সরবরাহে সরকার তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
আজ শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে ফরিদপুরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, বিশেষ করে এই অঞ্চলে যেমন পাট রয়েছে, এগুলো মাথায় রেখে আমাদের কৃষক ডিজেলের ক্ষেত্রে যেন কোনো ধরনের সমস্যায় না পড়ে এবং নিরবচ্ছিন্নভাবে তারা যেন ডিজেল ও বিদ্যুৎ পায় সেক্ষেত্রে আমরা তৎপর আছি। কৃষকদের কোনো সমস্যা হবে না।
প্রতিমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বর্তমানে যে বৈশ্বিক অবস্থা সৃষ্টি হয়েছে তাতে পৃথিবীর সব দেশে তেলের সংকট রয়েছে এবং দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখনও আমাদের সরকার তেলের দাম বৃদ্ধি করেনি। আমাদের তেলের সংকট নেই; বিগত দিনে যেভাবে বিভিন্ন জেলায় ও পাম্পে তেল বরাদ্দ দেয়া হয়েছে, বর্তমানে এরচেয়ে বেশি বরাদ্দ দেয়া হচ্ছে। তবে আমাদের মাথায় রাখতে হবে, বিশেষ করে এ সময়টা গরম সময়। এই সময়ে অসাধু ব্যবসায়ীরা বিভিন্নভাবে মবের মাধ্যমে সংকট সৃষ্টি করতে চায়, সেদিকেও খেয়াল রাখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া বর্ষা মৌসুমে নদী ভাঙন প্রতিরোধে ও অবৈধ ড্রেজার বন্ধ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নদী ভাঙনের ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে তা দৃশ্যমান দেখে স্থানীয় সংসদ সদস্যদের সাথে আলোচনা করে এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আগামী বর্ষা মৌসুমে যেন এই অঞ্চলের মানুষের কোনো ধরনের বন্যা ও ভাঙনের মুখে পড়তে না হয় সেক্ষেত্রে পদক্ষেপ নেয়া হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ পানি উন্নয়ন বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তারা।