সারাবিশ্ব
‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের
ভারতের সংবিধান ও জনগণের ভোটাধিকার রক্ষার দাবিতে আগামী সোমবার রাজধানী দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। একই ইস্যুতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন জোটের শীর্ষ নেতারা। পাশাপাশি আগামী সোমবার ভারতের প্রধান বিচারপতির সঙ্গেও তাদের সাক্ষাতের কথা রয়েছে।
শনিবার (১০ অক্টোবর) কেরালার আলাপ্পুঝায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল।
তিনি বলেন, সংবিধান ও জনগণের ভোটাধিকার সুরক্ষার লড়াইয়ের অংশ হিসেবেই দিল্লিতে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত কংগ্রেস ও ইন্ডিয়া জোটের আন্দোলন অব্যাহত থাকবে।
এ সময় ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সুরক্ষা দেওয়ার চেষ্টা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তীব্র সমালোচনা করেন বেণুগোপাল। তার অভিযোগ, নির্বাচন কমিশনারকে আড়াল করার এই প্রচেষ্টাই একসময় মোদি ও শাহের পতনের কারণ হয়ে দাঁড়াবে।
কংগ্রেসের এই নেতা আরও দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণে মনে হচ্ছে তিনি পতনের দ্বারপ্রান্তে রয়েছেন। বিরোধীদের আন্দোলন নিয়ে তিনি ভীত বলেও মন্তব্য করেন বেণুগোপাল।
দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, বিক্ষোভ ঠেকাতে রাজধানীতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকটি মেট্রো স্টেশন এবং দেশের অন্যান্য অংশের সঙ্গে দিল্লির রেল যোগাযোগ। মোতায়েন করা হয়েছে হাজার হাজার সশস্ত্র পুলিশ সদস্য।
এদিকে, কেরালায় ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রম নিয়েও সতর্ক অবস্থানে রয়েছে কংগ্রেস। এ বিষয়ে দলের পক্ষ থেকে নিবিড় নজরদারি চালানো হচ্ছে বলে জানান বেণুগোপাল।
এ ছাড়া নির্বাচন কমিশনের প্যাডে বিজেপির নির্বাচনী প্রতীক পদ্মের ছবি দেখা যাওয়ার সাম্প্রতিক বিতর্কের বিষয়টিও তুলে ধরেন তিনি। এসব ঘটনা ভারতের নির্বাচনী ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করছে বলে বিরোধীদের অভিযোগ।