সারাবিশ্ব

যন্তর মন্তর বিক্ষোভ: দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পিএম

যন্তর মন্তর বিক্ষোভ: দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার নিজের বাসভবনের বাইরে থেকে তাকে আটক করা হয়। এ সময় দিল্লি পুলিশের পাশাপাশি দেশটির আধা সামরিক বাহিনী কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়সহ মোট ছয়জনকে তার বাসভবনের বাইরে থেকে আটক করা হয়েছে।

মমতার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের দাবি, আটক ব্যক্তিদের একটি বন্দি পরিবহনের গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়। এর মধ্যেই আটকের ঘটনা ঘটে।

এর আগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার সকাল ১০টায় নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় ককরোচ জনতা পার্টি। তবে দিল্লি পুলিশ এই কর্মসূচির অনুমতি দেয়নি। তা সত্ত্বেও নির্ধারিত সময়ে বিক্ষোভ শুরু করার ঘোষণা দিয়েছিল দলটি।

কর্মসূচিতে যোগ দিতে উড়োজাহাজে মুম্বাই থেকে নয়াদিল্লি আসেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ, সৌরভ ও আশুতোষ। স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে তাঁদের বহনকারী উড়োজাহাজ অবতরণ করে। এরপরপরই তাদের আটক করা হয়।

উড়োজাহাজ থেকে আটকের সময় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সরাসরি সম্প্রচার করেন অভিজিৎ দীপকে। ভিডিওতে দেখা যায়, দিল্লি পুলিশের সদস্যরা উড়োজাহাজের ভেতরে প্রবেশ করছেন। এ সময় অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে নিয়ে যাওয়া হয়।

এদিকে ককরোচ জনতা পার্টির নেতাদের সঙ্গে বিক্ষোভে যোগ দিতে জার্মানি থেকে ভারতে আসা ইউটিউবার ধ্রুব রাঠীকেও গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় নিজের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

৩২ বছর বয়সী ধ্রুব রাঠীর ইউটিউবে ৩ কোটি ৩০ লাখের বেশি গ্রাহক, ইনস্টাগ্রামে ১ কোটি ৯০ লাখ এবং এক্সে ৩৩ লাখ অনুসারী রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য দিল্লি পুলিশের প্রায় ৫০ জন সদস্য অভিযান পরিচালনা করেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।