রাজনীতি
প্রশ্নফাঁসের জন্য আমাকে কোনোভাবে ফাঁসিয়ে দেয়া যায় না: আসিফ মাহমুদ
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই পরীক্ষা স্থগিতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা। প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এদিকে, প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে আলোচনার মধ্যে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এ ঘটনায় তাকে কোনোভাবেই ফাঁসানো যাবে না।
শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে পরীক্ষার্থীদের বিক্ষোভের কারণে রাজধানীর মিরপুর সড়কসহ আশপাশের বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, পথচারী ও কর্মজীবী মানুষ।
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আসিফ মাহমুদ শনিবার দুপুর ১টার দিকে নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেওয়া যায় না কোনোভাবে? মে ২০২৬ এর পদোন্নতির জন্য তো আমার বিরুদ্ধে অনুসন্ধান চলছেই। আবারও প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের যুগ শুরু হলো!’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা শুরু হয়। তবে পরীক্ষা শুরুর অল্প সময়ের মধ্যেই তা স্থগিতের ঘোষণা দেওয়া হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরীক্ষার্থীরা।
এরপর পরীক্ষার্থীরা কেন্দ্র থেকে বেরিয়ে এসে মানিক মিয়া অ্যাভিনিউ ও টেকনিক্যাল মোড়সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করেন। তাঁদের বিক্ষোভের কারণে মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউ, মিরপুর সড়ক ও আশপাশের এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে।
প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা। তাদের অবরোধের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।