সারাবিশ্ব

আটক নেতাদের মুক্তি না দিলে অনশন বা পদযাত্রার ঘোষণা ওয়াংচুকের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পিএম

আটক নেতাদের মুক্তি না দিলে অনশন বা পদযাত্রার ঘোষণা ওয়াংচুকের
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে বিরোধী নেতাদের আটকের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। বর্তমান পরিস্থিতিকে ‘অঘোষিত জরুরি অবস্থা’ আখ্যা দিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, রোববারের মধ্যে আটক নেতাদের মুক্তি দেওয়া না হলে অনির্দিষ্টকালের অনশন অথবা পায়ে হেঁটে পদযাত্রা শুরু করবেন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আটক নেতাদের দ্রুত মুক্তি দাবি করেন ওয়াংচুক। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে বিরোধী নেতাদের আটকের পরিপ্রেক্ষিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এদিকে, দিল্লিতে ককরোচ জনতা পার্টি ও সর্বভারতীয় ছাত্র সমিতির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। শুক্রবার রাতভর অন্তত এক হাজার এবং শনিবারের আন্দোলনে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় চার হাজার মানুষকে আটক করা হয়েছে।

পুলিশের ভাষ্য, অতীতে বিক্ষোভে জড়িত থাকার ইতিহাস রয়েছে, এমন ব্যক্তিদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আটক করা হয়েছে। শনিবার রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত আটক ব্যক্তিদের মধ্যে প্রায় ২৫০ জন ছিলেন দক্ষিণ-পূর্ব দিল্লির, বিশেষ করে শাহিনবাগ এলাকার। এ ছাড়া শাহদারা ও পূর্ব দিল্লি থেকেও শতাধিক মানুষকে আটক করা হয়েছে।

বিক্ষোভ ঘিরে রাজধানীজুড়ে ৩০ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। দিল্লির সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের রাখার জন্য নির্ধারণ করা হয়েছে ১৩টি অস্থায়ী বন্দিশালা।

আটক নেতাদের মুক্তির দাবিতে ওয়াংচুকের এই হুঁশিয়ারির পর পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস