জাতীয়

প্রশ্ন ফাঁসে স্থগিত যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পিএম

প্রশ্ন ফাঁসে স্থগিত যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
ছবি: সংগৃহীত

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেল ৩টায় পরীক্ষাটি নেওয়ার নতুন তারিখ নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

এর আগে শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতিও সম্পন্ন করেছিল যুব উন্নয়ন অধিদপ্তর। তবে পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৬ অক্টোবর বিকেল ৩টায় পরীক্ষাটি পুনরায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার আনুষঙ্গিক তথ্য পরীক্ষার্থীদের দ্রুত মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।