সারাদেশ

নওগাঁয় যুবদলের ১৪ ইউনিট কমিটি পুনর্গঠনের দায়িত্ব পেলেন জুয়েল


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৬:২১ পিএম

নওগাঁয় যুবদলের ১৪ ইউনিট কমিটি পুনর্গঠনের দায়িত্ব পেলেন জুয়েল
নওগাঁয় যুবদলের ১৪ ইউনিট কমিটি পুনর্গঠনের দায়িত্ব পেলেন জুয়েল। ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁ জেলা যুবদলের আওতাধীন ১১টি উপজেলা ও ৩টি পৌরসভার মোট ১৪টি ইউনিটের পূর্ণাঙ্গ অথবা আহ্বায়ক কমিটি গঠনের সার্বিক তদারকির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল।

শনিবার (১০ অক্টোবর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন নওগাঁ জেলার ১৪টি ইউনিট কমিটি পুনর্গঠনের সার্বিক তদারকির দায়িত্ব মো. কামরুজ্জামান জুয়েলের ওপর অর্পণ করেছেন।

নির্দেশনায় আরও জানানো হয়, দায়িত্বপ্রাপ্ত সংগঠক জেলা যুবদলের সঙ্গে সমন্বয় করে আগামী ৩০ দিনের মধ্যে জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভার মোট ১৪টি ইউনিটের কমিটি গঠন সম্পন্ন করবেন। একই সঙ্গে প্রস্তুত করা কমিটিগুলো কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করবেন।

কেন্দ্রীয় এ নির্দেশনার মাধ্যমে নওগাঁ জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং ইউনিট পর্যায়ে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।