রাজধানী

রাজধানীতে শপিং মলে বোরকা পরে ৫০০ ভরি স্বর্ণ চুরি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১১:৫৮ এএম

রাজধানীতে শপিং মলে বোরকা পরে ৫০০ ভরি স্বর্ণ চুরি
ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে শপিং মলের শম্পা জুয়েলার্স থেকে দুর্ধর্ষভাবে ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে দুজন বোরকা পরে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে চুরির ঘটনাটি ঘটায়। সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, চোর চক্রের সদস্যরা পরিকল্পিতভাবে দোকানটিতে প্রবেশ করে স্বর্ণ এবং নগদ টাকা লুটে নিয়ে যায়।

জুয়েলারির মালিক জানান, দোকানে প্রায় ৪০০ ভরি স্বর্ণের জুয়েলারি ও ১০০ ভরি বন্ধকি স্বর্ণ ছিল। এছাড়াও প্রায় ৪০ হাজার টাকা নগদ ছিল, যা চোর চক্র সবই লুটে নিয়ে গেছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ইতিমধ্যেই আসামিদের শনাক্ত করে গ্রেফতারের কাজ শুরু হয়েছে। গোয়েন্দা পুলিশও ছায়া তদন্তে তৎপর। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।