রাজধানী

ঢাকার ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস, যা জানা গেল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৪ এএম

ঢাকার ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস, যা জানা গেল
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে ফুটপাতে মারধর ও কান ধরে ওঠবস করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক যুবককে ওই ব্যক্তিকে চড়, থাপ্পড় ও লাথি মারতে দেখা যায়। এ সময় কাছেই দুই পুলিশ সদস্য উপস্থিত থাকলেও তাদের নীরব দর্শকের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে।

গত সোমবার, ১২ অক্টোবর দুপুরে ধানমন্ডির সাতমসজিদ সড়কে অবস্থিত বেসরকারি বাংলাদেশ আই হাসপাতালের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে মারধরের শিকার হন শহীদ আবদুল্লাহ আল মাসুদ রানা নামের ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি। পরে তাকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। এ ঘটনায় আদালত তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন।

তবে পুলিশের উপস্থিতিতে মারধর এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক যুবক ক্ষুব্ধ হয়ে গালাগাল করতে করতে ওই ব্যক্তিকে চড়, থাপ্পড় ও লাথি মারছেন। এ সময় ঘটনাস্থলে পথচারীদের ভিড় জমে। কেউ দাঁড়িয়ে ঘটনা দেখছেন, আবার কেউ মুঠোফোনে ভিডিও ধারণ করছেন।

ভিডিওতে পথচারীদের কথোপকথনের কিছু অংশও শোনা যায়। সেখানে কয়েকজনকে বলতে শোনা যায়, ‘মেয়ের গায়ে হাত দিয়েছে’, ‘ক্যানটিনে এই ঘটনা ঘটে’ এবং ‘মা-বোন নাই’।

একপর্যায়ে এক পথচারী মারধরের শিকার ব্যক্তির কাছে গিয়ে সেখানে উপস্থিত দুই পুলিশ সদস্যকে দেখিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিতে বলেন। পরে ওই ব্যক্তিকে বসা অবস্থা থেকে উঠে দাঁড়াতে দেখা যায়। তার মুঠোফোন নিয়ে এক পথচারী ও মারধর করা যুবক তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।

এ সময় উত্তেজিত যুবককে বলতে শোনা যায়, ‘কিসের সরি, সরি বললেই সব শেষ হয়ে যায়?’ এরপর ওই ব্যক্তি একটি মেয়ের গায়ে হাত দিয়েছেন বলে অভিযোগ করে তাকে আবারও থাপ্পড় মারেন তিনি।

ভিডিওতে দেখা যায়, ফুটপাতে যখন মারধরের ঘটনা ঘটছিল, তখন কয়েক হাত দূরেই দুই পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। আশপাশে জড়ো হওয়া পথচারীদের মতো তারাও ঘটনাটি দেখছিলেন।

ঘটনাটি নিয়ে ফেসবুকে পুলিশের ভূমিকা সম্পর্কে প্রশ্ন তুলেছেন অনেকে। একটি পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘আহা বাংলাদেশ! আহা স্বাধীনতা! আহা আইনশৃঙ্খলা বাহিনীর আইনের শাসন! পুলিশের সামনেই দিনেদুপুরে প্রকাশ্যে একজন বাবার বয়সী লোকের উপর মব সৃষ্টি করছে, অথচ পুলিশ দর্শকের মতো ভূমিকা নিয়ে তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে?’

অন্য একটি পোস্টে দাবি করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি তরুণীর সঙ্গে খারাপ আচরণ করলেও পুলিশ তাৎক্ষণিক আইনি সহায়তা দেয়নি। এ কারণে ভুক্তভোগী পরিবারের সদস্যরা নিজেরাই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন বলে পোস্টে উল্লেখ করা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা সমাজকে কোন দিকে নিয়ে যাচ্ছে, সেই প্রশ্নও তোলা হয়েছে।

সম্রাট শাহাদত নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে প্রকাশিত ভিডিওটি ৪৬ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে ৬৪ হাজার প্রতিক্রিয়া পড়েছে এবং এটি ১১ হাজার বার শেয়ার করা হয়েছে।

ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘একটা দেশ এভাবে চলতে পারে? পুলিশের কাছে সহযোগিতা না পেয়ে পরিস্থিতির শিকার হয়ে ক্ষমতা হাতে নিয়ে বাপের বয়সী লোকের বিচার করা হচ্ছে!’ পোস্টে আরও দাবি করা হয়েছে, ভাগনির সঙ্গে খারাপ আচরণের ঘটনায় পুলিশের অসহযোগিতার কারণে তার মামা নিজেই বিচার করতে বাধ্য হন।

এ বিষয়ে ভুক্তভোগী তরুণী জানান, ওই ব্যক্তি তাকে ‘ব্যাড টাচ’ করেছেন। ঘটনার পর তাকে ধরে দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যের কাছে নিয়ে গেলে তারা অভিযুক্ত ব্যক্তিকে নিতে অনাগ্রহ দেখান। বরং তরুণীকে ধানমন্ডি থানায় গিয়ে মামলা করতে বলেন বলে অভিযোগ করেন তিনি।

তরুণী আরও জানান, ওই ব্যক্তির কাছে এমন আচরণের কারণ জানতে চাইলে তিনি দায় স্বীকার করে ‘সরি’ বলেছিলেন। পরে তিনি তার মামাকে ফোন করেন। মামা ঘটনাস্থলে এসে ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিকে মারধর করেন। এরপর পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে ধানমন্ডি থানায় নিয়ে যায়।

ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক মামুন ভূঁইয়া বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে শহীদ আবদুল্লাহকে আটক করে থানায় নেওয়া হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, তরুণীর শরীর স্পর্শ করার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের বিশেষ মহানগর হাকিম আদালতের বিচারক মো. ইমরান আহমেদ অভিযুক্ত শহীদ আবদুল্লাহকে এক মাসের কারাদণ্ড দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বিচারক জানিয়েছেন, তরুণীকে শ্লীলতাহানির কথা স্বীকার করায় তাকে এই সাজা দেওয়া হয়েছে।

ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, শহীদ আবদুল্লাহকে মারধর করে ওই যুবকও আইনের দৃষ্টিতে অপরাধ করেছেন। তাকে খুঁজছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থলে উপস্থিত দুই পুলিশ সদস্যের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।

পুলিশ কর্মকর্তা ইমদাদুল জানান, শহীদ আবদুল্লাহ মোহাম্মদপুর এলাকায় থাকেন। পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, তিনি মানসিক রোগে আক্রান্ত। চিকিৎসক হওয়ার পড়াশোনার সময় তিনি মানসিক সমস্যায় আক্রান্ত হন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তার বিয়ে হয়েছিল, তবে অনেক আগেই স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন।