রাজধানী

রাজধানীর আমারি হোটেলসহ তিন বারে ডিএনসির অভিযান, উদ্ধার ১৪ লিটার মদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৩ পিএম

রাজধানীর আমারি হোটেলসহ তিন বারে ডিএনসির অভিযান, উদ্ধার ১৪ লিটার মদ
ছবি: সংগৃহীত

রাজধানীর পাঁচ তারকা হোটেল আমারি এবং কিংফিশার ও ব্লিজ আর্ট বারে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে হোটেল আমারিতে পারমিট ছাড়া মদ্যপানের ঘটনা শনাক্ত করা হয়েছে। এ ছাড়া কিংফিশার বার থেকে বৈধ কাগজপত্রবিহীন ১৪ লিটার বিলাতি মদ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, অভিযানকালে ব্লিজ আর্ট বারটি বন্ধ পাওয়া যায়।

বুধবার (১৪ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

ডিএনসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসব প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বার পরিচালনার ক্ষেত্রে লাইসেন্সের শর্ত পালন, মদ সংরক্ষণের বৈধতা এবং সংশ্লিষ্ট আইনকানুন প্রতিপালনের বিষয়গুলো যাচাই করা হয়।

অভিযানকালে হোটেল আমারিতে পারমিট ছাড়া মদ্যপানরত সাতজনকে পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অন্যদিকে, কিংফিশার বারে তল্লাশি চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন ১৪ লিটার কেরুর বিলাতি মদ পাওয়া যায়। এ ঘটনায়ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

এ ছাড়া, অভিযান পরিচালনার সময় ব্লিজ আর্ট বারটি বন্ধ পাওয়া যায়। তবে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও সম্ভাব্য অনিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য যাচাই করতে সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে অভিযান পরিচালনাকারী দল।

ডিএনসি জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর ১৫(১) ধারা অনুযায়ী প্রযোজ্য আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, মাদকের অপব্যবহার রোধ, লাইসেন্সের শর্ত যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করা এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।