রাজধানী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০২:৪৫ পিএম

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

সম্প্রতি ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়েকোবাদ)। সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আবহাওয়া অনুকূলে থাকলে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আর আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় আয়োজনের ব্যবস্থা রাখা হবে।

এছাড়া আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ থেকে বায়তুল মোকাররমে স্থানান্তরের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ মার্চ অথবা ২১ মার্চ মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।